পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণা করবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা। এর মধ্যেই পাকিস্তান নির্বাচন কমিশনকে (ইসিপি) ১৭.৪ বিলিয়ন ডলার দিয়েছে অর্থ বিভাগ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭৪০ কোটি টাকা।
জিও নিউজ জানিয়েছে, নির্বাচন পরিচালনায় তহবিল সংকট নিয়ে একদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিল ইসিপি। এর একদিন পরেই দেশটির অর্থ বিভাগ বিবৃতিতে তহবিল দেওয়ার কথা জানাল। এর আগে গত জুলাই মাসে ইসিপিকে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকা দেওয়ার কথাও উল্লেখ করেছে অর্থ বিভাগ।
অর্থ সচিব ইমদাদ উল্লাহ বোসাল জানান, অর্থ বিভাগ ইসিপির প্রয়োজনে তহবিল সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যদিও নির্বাচনের জন্য বরাদ্দ অর্থের বিধান নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় অর্থ সচিবকে তলব করেছিল ইসিপি।
ইসিপির উদ্বেগের কথা উল্লেখ করে পাকিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী মুর্তজা সোলঙ্গি বলেন, নির্বাচন কমিশনের আর্থিক চাহিদা মেটাতে কোনো সংকট নেই। নির্বাচন পরিচালনায় যে পরিমাণ অর্থ প্রয়োজন হবে তা দেওয়া হবে। মন্ত্রিসভা ইসিপির জন্য ৪২ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার দৃঢ়ভাবে ইসিপির পাশে রয়েছে বলেও উল্লেখ করেন সোলঙ্গি।
