রাজধানীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম

প্রতি বছরের ন্যায় এবছরও দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানী মিন্টু রোডে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে এক বর্ণাঢ্য আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেবা ও প্রচার সপ্তাহের এবারের প্রতিপাদ্য-“নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার”।

আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু। সেসময় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মহাপরিচালক নিপোর্ট,  মহাপরিচালক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, মহাপরিচালক (গ্রেড-১) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। তাছাড়া মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর, উপপরিচালকসহ আমন্ত্রিত অন্যান্য ব্যক্তিবর্গ, উন্নয়ন সহযোগী, সংস্থার প্রতিনিধিগণ, গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান শেষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা ও আয়োজনের দায়িত্বে ছিলেন-পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (আইইএম) আবদুল লতিফ মোল্লা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত