বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • প্রথমে মামলা নেয়নি পুলিশ
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বিজলী মহল্লা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার সাজ্জাদ হোসেন শুভ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার দেশ রূপান্তরকে জানান, দশম শ্রেণির ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে— এমন অভিযোগে গত ২৫ নভেম্বর একটি মামলা হয়। মামলার পর থেকে ছেলেটি পলাতক ছিল। পরে বুধবার তাকে বিজলি মহল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। আদালতের মাধ্যমে মেডিকেল পরীক্ষার জন্য আবেদন করবেন তারা। 

মেয়েটির পরিবার ও পুলিশ জানায়, অভিযুক্ত শুভ গত ৩১ অক্টোবর মেয়েটিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে বাসায় ডেকে নিয়ে যায়। এ সময় বাসায় শুভর মা বাসায় ছিলেন। একপর্যায়ে ব্যক্তিগত কথা বলার নামে শুভ তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে ঘর থেকে বের হয়ে শুভর মায়ের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী। কিন্তু সেখানে কোন প্রতিকার পাননি। পরে থানায় অভিযোগ করলেও প্রথমে মামলা নেয়নি পুলিশ। কিন্তু কিছুদিন পর ২৫ নভেম্বর পুলিশ মামলা গ্রহণ করে। মেয়েটির পরিবার অভিযোগ করে জানান, মামলা দেওয়ার পরে তা তুলে নেওয়ার জন্য শুভর পরিবার বারবার চাপ দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত