সড়ক দুর্ঘটনা

এ সপ্তাহে বাড়ি ফিরতে পারলেন না কামরুজ্জামান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ এএম

সপ্তাহ জুড়ে প্রচণ্ড কাজের চাপ থাকত। তারপরও ছুটি পেয়ে বাড়ি ফেরা ছিল নিয়মিত ঘটনা। প্রতি সপ্তাহেই বাড়ি যেতেন তিনি। স্বজনেরা পথ চেয়ে থাকত। কিন্তু এ সপ্তাহে আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না কামরুজ্জামানের (২৫)। এক ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কামরুজ্জামান কাপাসিয়া অঞ্চলে অলিম্পিক বিস্কুট কোম্পানির সেলস অফিসার ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাল গ্রামে। তিনি ওই গ্রামের আবদুর মালেকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে নিজের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা পাথরভর্তি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটির সহকারীকে পুলিশে দিয়েছে। 

অলিম্পিক কোম্পানির জোনাল ম্যানেজার বেলাল হোসেন বলেন, কামরুজ্জামান তিন বছর ধরে আমাদের এখানে কাজ করেছেন।  প্রতি সপ্তাহের ছুটিতে তিনি বাড়ি যেতেন। আজও মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলেন। কিন্তু তার আর যাওয়া হলো না। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, ট্রাকে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত