সহায়তা তহবিল সংকট

বাইডেনের সাথে সাক্ষাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

  • মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সাথেও দেখা করবেন জেলনস্কি
  • ইউক্রেনের তহবিল আটকে দেয়ার পরেই হোয়াইট হাউস থেকে আমন্ত্রণ পেলেন তিনি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে বাইডেনের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

এছাড়া বাইডেনের সাথে সাক্ষাতের পাশাপাশি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান নেতা মাইক জনসনের সঙ্গেও দেখা করবেন জেলনস্কি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় গণমাধ্যম আল জাজিরা।

বৈঠকের পর মঙ্গলবার সকালে জেলেনস্কি মার্কিন সিনেটরদের সাথেও ভাষণ দেবেন বলে জানা গেছে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিলে টান পড়েছে। মার্কিন আইনপ্রণেতারা পদক্ষেপ না নিলে কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে অর্থ ফুরিয়ে যাবে এমন পরিস্থিতির মধ্যে জেলেনস্কি আমন্ত্রণ পেলেন।

গত সপ্তাহে ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শিগগির ফুরিয়ে আসতে পারে।

ইউক্রেনের সহায়তা ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা তহবিল পাসের শর্ত জুড়ে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন জেলেনস্কি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত