রবিবার মধ্যরাতে শরীয়তপুর সদর উপজেলার পূর্বসোনামূখী এলাকার একটি বাড়িতে মধ্যরাতে ম্যাগনেটিক পিলার চুরির পরিকল্পনা করেন পাঁচ ব্যক্তি। এসময় স্থানীয় লোকজন বুঝতে পেরে তাদের আটকে রাখে। পরে স্থানীয়রা তাদের পুলিশের হাতে তুলে দেন। আটকৃতদের শরীয়তপুর সদরের পালং মডেল থানায় হেফাজতে রেখেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটকৃতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলার দড়িহাওলা এলাকার মৃত আ: রাজ্জাক ফকিরের ছেলে রাসেল ফকির (৩২), পূর্বসোনামূখী এলাকার আমির উদ্দিন মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৬৪), নারায়ণগঞ্জ জেলার হারজালি চাঁনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে
মিঠু (৩৬), পটুয়াখালী জেলার ছোটবিঘাই এলাকার মৃত কাঞ্চন ফকিরের ছেলে আব্দুল মনাব ফকির (৫৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬)।
পুলিশ জানান, সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্বসোনামূখী গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লার বাড়িতে গত রবিবার মধ্যরাতে বাড়ির মালিকসহ পাঁচ ব্যক্তি মাটি খুঁড়ে ম্যাগনেটের সন্ধান করেন। এসময় বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাদের আটক করেন। পরে জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ ফোন করেন। ফোন পেয়ে পালং মডেল থানার পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ মাধ্যমে একটি সংবাদ পাই পূর্বসোনামূখী এলাকাবাসী পাঁচজন ব্যক্তিকে ধরে রেখেছে। ওইখানে তারা ম্যাগনেট পিলারের জন্য গর্ত খুঁড়তে ছিল। সংবাদ পেয়ে মোবাইল পার্টি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
