মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য সহায়তা তহবিল আটকে যাওয়ার প্রেক্ষিতে ওয়াশিংটন সফরের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউজের আমন্ত্রণে তিনি ওয়াশিংটন সফর করবেন। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান সিনেটরদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
এর আগে রিপাবলিকান সিনেটররা ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের নতুন তহবিল আটকে দেয়, যা শীতকালে রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছিল।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিকে ১১১ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি কংগ্রেস বিলটি পাস করতে ব্যর্থ হয় তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি উপহার।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, বাইডেন ও জেলেনস্কি যুদ্ধের জরুরি প্রয়োজন নিয়ে কথা বলবেন।
বিশেষ করে রাশিয়া যখন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করছে, তখন ইউক্রেনের জরুরি প্রয়োজন এবং সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের গুরুত্ব স্থান পাবে আলোচনায়।