বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধের প্রথম দিন সকালেই রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, রাজধানীর গুলিস্তান মোড়ে বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে গতকাল (সোমবার) রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার আগে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।