নতুন প্রধানমন্ত্রী বললেন  ‘ইউরোপের নেতৃত্ব দেবে পোল্যান্ড’

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম

নিয়োগের একদিন পরেই ইউরোপের নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করলেন পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক। একইসঙ্গে ন্যাটোর শক্তিশালী অংশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি এবং ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনও জানালেন তিনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে তুস্ককে সমর্থন দেয় পোল্যান্ডের পার্লামেন্ট, যা দেশটির আট বছরের জাতীয়তাবাদী শাসনের অবসান ঘটিয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির সম্পর্কের বরফ গলবে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন তুস্ক। এতে জয়ী হলে বুধবার তিনি শপথগ্রহণ করবেন। এর আগে সংসদে সরকারের পরিকল্পনা উপস্থাপন করার সময় তিনি বলেন, পোল্যান্ড যুক্তরাষ্ট্রের অনুগত মিত্র হবে এবং ইউরোপীয় ইউনিয়নের নেতা হিসাবে তার অবস্থান পুনরুদ্ধার করবে। একইসঙ্গে পোল্যান্ডের স্বার্থ ক্ষুণ্ণ করে ইইউর এমন যেকোনো চুক্তির পরিবর্তনের বিরোধিতা করবেন তিনি।

এছাড়াও চলতি সপ্তাহে ব্রাসেলস থেকে বিলিয়ন ইউরো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তুস্ক। আইনের শাসন নিয়ে বিরোধের কারণে পূর্ববর্তী সরকারের অধীনে ইউরোপীয় ইউনিয়নের তহবিল জব্দ করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত