এবারের যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসর শুরু করবে বাংলাদেশ। এক আসর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়েই নিজেদের ইতিহাসের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিলেন বাংলাদেশের যুবারা। তবে বিশ্বকাপের আগেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেমিফাইনালের মতো ম্যাচ দিয়ে মহড়া সেড়ে ফেলার সুযোগ রয়েছে বাংলাদেশের।
দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচের দিন জয় পেয়েছে ভারত, পাকিস্তান উভয়েই। কিন্তু পাকিস্তানের কাছে হারায় গ্রুপ রানারআপ হয়েছে ভারত। অন্যদিকে নিজেদের গ্রুপে টানা দুই জয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগামীকাল বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবেন রাব্বী-শিবলীরা। আমিরাতের কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তাই ফেভারিট বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলে বা স্বল্প ব্যবধানে হেরে গেলেও নেট রানরেটে গ্রুপসেরা হয়েই সেমিতে যাবে বাংলাদেশ। তখন ১৫ ডিসেম্বরের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত। তাতে বিশ্বকাপের প্রস্তুতি সাড়ার একটি দারুণ প্রতিযোগিতামূলক উপলক্ষ্য পাবে বাংলাদেশ।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে ৭.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে ভারত। ভারতের রাজ লিম্বানি মাত্র ১৩ রানে ৭ উইকেট শিকার করেন। অন্য ম্যাচে পাকিস্তানের দেওয়া ৩০৩ রানের লক্ষ্য তাড়া করে ২২০ রানে থামে আফগানরা। পাকিস্তান জয় পায় ৮৩ রানের। পাকিস্তানের শাহজাইব ৭৯, শামিল ৭৫ ও রিয়াজ ৭৩ রান করেন। আফগানদের ফরিদুন ও বশির ৩টি করে উইকেট পান। জবাবে নুমানের ৫৪, ফরিদুন ও ওয়াফিউল্লাহর ৩২ রানে ২২০ রান তুলে থামে আফগানদের ইনিংস। পাকিস্তানের উবাইদ ৭ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। এছাড়া তাইয়াব ৩টি ও খুবাইব ২টি উইকেট পান।
