‘দ্যা বেস্ট’ এর সেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ম্যানচেস্টার সিটিকে প্রথমবারের মতো ট্রেবল জেতানোয় এ তালিকার সবচেয়ে শক্তিশালী প্রতিযোগীর নাম পেপ গার্দিওলা। তার সঙ্গে আছেন দুই ইতালিয়ান ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি ও নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তি
আসছে বছরের ১৫ জানুয়ারি লন্ডনে এ তিনজন থেকেই একজনের হাতে উঠবে বর্ষসেরা কোচের স্বীকৃতি। ফিফার বিশেষজ্ঞ প্যানেল থেকে দেওয়া পাঁচ জনের তালিকা থেকে জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেওয়া ভোটে তিনজনের সংক্ষিপ্ত এ তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা।
গত মৌসুমে ইতিহাসের প্রথম কোচ হিসেবে দ্বিতীয়বার ট্রেবল জেতেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। এর আগে ২০০৯ সালে বার্সেলোনার হয়ে ২০০৯ সালে প্রথমবার ট্রেবল জয়ের স্বাদ পেয়েছিলেন। গতবছর প্রিমিয়ার লিগে একক আধিপত্য বজায় রেখে তিন রাউন্ড বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে সিটি। এরপর লিগ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় সিটিজেনরা। আর মুকুটে শেষ পালক যুক্ত হয় ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো সিটিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেয়ার মাধ্যমে।
ওই ম্যাচে হেরেই গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপার কাছে এসেও স্বপ্ন ভাঙে ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগির। আসরজুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ১৩ বছর পর ইউরোপ সেরার ফাইনালে ওঠান ক্লাবটিকে। চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া হলেও ইন্টারকে এনে দেন ইতালিয়ান সুপার কাপ ও ইতালিয়ান কাপের শিরোপা।
আর সবাইকে বিস্মিত করে দিয়ে পাঁচ রাউন্ড বাকি থাকতেই নাপোলির ইতিহাসে তৃতীয়বারের মতো সিরি আ জেতান লুসিয়ানো স্পালেত্তি। এর আগে ডিয়েগো ম্যারাডোনার সময়েই কেবল দুবার সিরি আ জিতেছিল নাপোলি। মাঝখানে কাটে ৩৩ বছরের দীর্ঘ অপেক্ষা। স্পালেত্তির কোচিং জাদুতে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে রানার্সআপ লাৎসিওর চাইকে ১৬ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা ঘরে তোলে নাপোলি। চ্যাম্পিয়নস লিগেও প্রথমবারের মতো নাপোলিকে কোয়ার্টার ফাইনালে ওঠান সিরি আ’র বর্ষসেরা কোচ নির্বাচিত হওয়া স্পালেত্তি।
