১৭ ঘণ্টার পর ঢাকা ময়মনসিংহ রেলপথ সচল হয়েছে। আজ রাত ৮ টার দিকে পরীক্ষামূলকভাবে একটি উদ্ধারকারী ট্রেন চলাচল করে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গাজীপুরের বনখড়িয়া ব্রিজের কাছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি চিলাই ব্রিজে আসা মাত্র ইঞ্জিনসহ ৭টি বগি লাইনের পাশের নিচু জমিতে পড়ে যায়।
এ ঘটনায় এক যাত্রী নিহতসহ অন্তত ২৫ জন আহত হয়।
এ বিষয়ে রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা বিভাগীয়) সফিকুর রহমান বলেন, সারাদিনের চেষ্টায় রেলপথ সচল করা হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনসহ বগিগুলোকে আপাতত রেললাইন থেকে নিরপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে। বগিগুলো উদ্ধার করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।
তিনি আরও জানান, রেলসড়কের ৬০০ ফুট লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩০০ ফুট রেললাইনে নতুন পাত বসানো হয়েছে। ১০০টি নতুন স্লিপার স্থাপন করা হয়েছে। সংস্কারের পর পরীক্ষামূলক একটি রিলিফ ট্রেন চালিয়ে রেলসড়কটি চলাচলের উপযোগী তা নিশ্চিত করা হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামিমা জাহান জানান, দুর্ঘটনার পর থেকে এ লাইনের ট্রেনগুলো বিকল্প পথে ভৈরব কিশোরগঞ্জ হয়ে চলাচল করছে ।