সাইফার মামলা

ভুট্টোর মতোই ইমরানের মৃত্যুদণ্ড হতে পারে, আশঙ্কা বোনের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম

সাইফার মামলায় মৃত্যুদণ্ড হতে পারে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। এমনটাই আশঙ্কা করছেন তার বোন আলিমা খান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

এদিন আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলিমা। এ সময় তিনি কারাগারের ভেতর ইমরানের বিচার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ন্যায়বিচার হচ্ছে না বলে মন্তব্য করেন।

এর একদিন আগে সাইফার মামলায় সরকারি গোপনীয়তা আইন ২০২৩-এর অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত ইমরানকে অভিযুক্ত করে। যদিও তিনি কূটনৈতিক ক্যাবলের অপব্যবহার সম্পর্কিত অপরাধে জড়িত ছিলেন না উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আলিমা বলেন, আমাদের কোনো ভয় নেই। কিন্তু গণমাধ্যমকর্মীদের বিচার কার্যক্রমে অংশ নিতে দেওয়া হচ্ছে না, যা অবশ্যই কোনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত। মনে হচ্ছে আমরা আমাদের দেশে নয়, অন্য কোনো দেশে আছি। নিজের দেশে আমাদের সঙ্গে যা ঘটছে তা দেখে দুঃখ হচ্ছে।

তবে এর মধ্যেই ইমরান ও পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে সাইফার মামলায় শুনানি করার জন্য ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) আবেদন মঞ্জুর করেছে বিশেষ আদালত। বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ মামলার রায় ঘোষণা করেন।

আলিমা বলেন, তার পরিবারকে পরামর্শ দেওয়া হচ্ছে এই মামলা আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে। তিনি অভিযোগ করেন, পিটিআই প্রতিষ্ঠাতাকেও সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর পথে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার মামলার বিচার দ্রুত করা হচ্ছে। এ সময় নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লুর বিরুদ্ধেও মামলা করার কথা জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত