খেজুরের রস বিক্রি না করার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম

নিপাহ ভাইরাস প্রতিরোধে খেজুরের রস বিক্রি না করার জন্য বিক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের এক জরুরি স্বাস্থ্য বার্তায় বলা হয়, কেউ কাঁচা রস খেতে চাইলে বিক্রি করবেন না। কারণ নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্বক প্রাণঘাতী রোগ। সাধারণত শীতকালে নিপাহ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা বা লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা বা লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোনো বাধা নেই।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. শ. ম. গোলাম কায়ছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি স্বাস্থ্য বার্তা দেওয়া হয়।

স্বাস্থ্য বার্তায় বলা হয়, বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু-কিশোররা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। এই রোগে মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশেরও বেশি। এ বছর এখন পর্যন্ত ১৪ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ১০ জন, যা মোট আক্রান্তের ৭১ শতাংশ। 

নিপাহ রোগের প্রধান লক্ষণগুলো হলো- জ্বরসহ মাথা ব্যাথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হওয়া ও কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া। 

স্বাস্থ্য বার্তায় নিপাহ রোগ প্রতিরোধে খেজুরের কাঁচা রস ও কোনো ধরনের আংশিক খাওয়া ফল না খাওয়ার এবং ফল-মূল পরিস্কার পানি দিয়ে ভালভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে বলা হয়, নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে অতি দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে দুই হাত ভালভাবে ধুয়ে ফেলতে হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত