নাশকতা এড়াতে ১৭০ কিলোমিটার রেলপথে ২৪ ঘণ্টা পাহারা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

নাশকতা প্রতিরোধে নির্বাচন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা- চাঁদপুর রেল পথের ১৭০ কিলোমিটার জুড়ে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন পাহারার নির্দেশনা দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ের নিজস্ব বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এই পাহরায় নিয়োজিত হচ্ছেন পুলিশ ও আনসারের সদস্যরা।

গতকাল ১৪ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার উপ-সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী মজুমদার।

তিনি জানান, দিনরাত এই পাহারা চলবে। প্রকৌশল বিভাগের কুমিল্লা অঞ্চলের ১১১ জন কর্মী শিফ্ট করে বিরামহীন এই দায়িত্ব পালন করবেন। ট্রলি না থাকায় পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাহারা দিতে হচ্ছে কর্মীদের। রেলওয়ের কর্মীদের সঙ্গে পাহারায় থাকবেন জিআরপি পুলিশ, আনাসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

রেলওয়ে কুমিল্লা স্টেশন ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল জানান, নাশকতা এড়াতে পুলিশকেও দেয়া হয়েছে একই নির্দেশনা। নিয়মিত টহলের পাশাপাশি রেলওয়ে কর্মীদের পুরোদমে সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী।

নিরাপত্তা কর্মীরা বলছে, শীত কুয়াশা উপেক্ষা করে ঝুঁকি নিয়েই রেললাইন নিরাপদ রাখতে দায়িত্ব পালন করছে তারা। শুধুমাত্র টর্চ এবং লাঠি সাথে নিয়েই পায়ে হেঁটে করতে হচ্ছে পাহারার কাজ।

চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর পথে প্রতিদিন ৩৮টি ট্রেন আসা-যাওয়া করে। এরমধ্যে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বেশি। তবে চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে মূল্যবান পণ্য পরিবহনের জন্যও এই পথ ছাড়া বিকল্প নেই। তাই নাশকতা এড়াতে রেলওয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।

কুমিল্লা থেকে ঢাকাগামী মহানগর গোধুলীর যাত্রী আনোয়ারুল হক বলেন, রেল একটি নিরাপদ গণপরিবহন। নির্বাচনকে সামনে রেখে ট্রেন ভ্রমণে ঝুঁকি রয়েছে। গাজীপুরের দুর্ঘটনা আতঙ্ক তৈরি করেছে। রেলকর্মীদের পাহারা প্রশংসনীয়।

কুমিল্লা অঞ্চলের গোমতী তীরবর্তী বানাসুয়া, মৌলভীনগর, এখলাসপুর, গণিপুর, আইট্টাবাড়ি, গাবুয়া, কাগইয়া, পেয়ারাপুরকে, কোর্ট স্টেশন চাঁদপুরকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে রেল কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত