স্বাধীনতা কাপ ২০২৩

আবাহনী ধসিয়ে দিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম

মৌসুমের প্রথম টুর্নামেন্টে স্বাধীনতা কাপের দুই ফাইনালিস্ট চূড়ান্ত হলো। গোপালগঞ্জে মোহামেডানের পর কিংস অ্যারেনায় আবাহনীকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখালো অস্কার ব্রুজনের শিষ্যরা।

কিংস অ্যারেনায় প্রথমার্ধ তুমুল লড়াই চললেও গোলের দেখা পায়নি কোনো দল। প্রথমার্ধের গোল খরা কেটে যায় দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই। ৪৮ মিনিটে সোহেল রানা এগিয়ে দেন বসুন্ধরা কিংসকে। আবাহনীর ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে মধ্য মাঠ থেকে এগিয়ে গিয়ে মিগেলকে বল বাড়িয়ে দেন সোহেল। মিগেল সুবিধাজনক অবস্থায় না থাকায় শট না নিয়ে আবার ফিরতি পাস দেন সোহেলকে। বক্সের ঠিক ভেতর থেকে গোলপোস্টের বাম দিকে নেয়া সোহেলের শট ঠিকই খুঁজে পায় জালের ঠিকানা। কিংস অ্যারেনা উল্লাসে ভাসে সোহেলের লিড এনে দেওয়া প্রথম গোলে।

মাঝমাঠ থেকে রবসনের বাড়িয়ে দেওয়া বলে গোছানো আক্রমণ করতে যায় কিংস। আবাহনী ডিফেন্ডাররা প্রতিরোধ করলেও বল ক্লিয়ার করতে পারেননি পুরোটা। বক্সের ঠিক বাইরে থেকে সেই সুযোগ লুফে নেন রাকিব। ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের কাটিয়ে পেনাল্টি এরিয়ার ডান পাশ থেকে চমৎকার পাস বাড়িয়ে দেন। পা ছুঁইয়ে সেই বল জালে ঢোকান ডরিয়েলটন। ৫৩ মিনিটেই দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যায় কিংস।

৭৭ মিনিটে তৃতীয় গোল দেয় কিংস। সাদের উঁচু করে বাড়ানো বলে দারুণ হেডে এবার কিংসের হয়ে স্কোরশিটে নাম ওঠান মিগেল ফেরেইরা। এই গোলেই ম্যাচ থেকে ছিটকে যায় আবাহনী। ৮৭ মিনিটে বক্সের ভেতর হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পায় কিংস। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি রবসন রবিনহো। চার গোলের ব্যবধানে এগিয়ে যায় কিংস।

শেষের মিনিটগুলো পার হতেই রেফারি শেষ বাজি বাজান। স্বাধীনতা কাপের ফাইনালে ১৮ ডিসেম্বর গোপালগঞ্জে মোহামেডানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত