বিজয় দিবসের র‌্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানী ঢাকায় র‌্যালি করবে বিএনপি। শনিবার দুপুর ১টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হবে এবং শেষ হবে মগবাজারে গিয়ে।

আজ শুক্রবার রাত সাড়ে ৬টায় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দেশ রূপান্তরকে বলেন, ‘রাজধানীতে র‌্যালি করার কর্মসূচি পালনে আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি নির্ধারিত সময়ের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আমাদের অনুমতি দেবে।’

এদিকে দলটির নেতারা জানিয়েছেন, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলন সংগ্রামের মধ্যে বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের শ্রদ্ধা জানানোর বাইরে অন্য কোনো কর্মসূচি পালনের চিন্তাভাবনা বিএনপর ছিল না। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিল বের করার ঘোষণা দেওয়ায় বিএনপি ১৬ ডিসেম্বর শোভাযাত্রা করার পরিকল্পনা করে।

এর আগে গত বুধবার বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় র‌্যালি করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দেয় বিএনপি। বিকেলে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান চিঠি নিয়ে ডিএমপিতে যান।

ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে নিতাই রায় সাংবাদিকদের জানান, ১৬ ডিসেম্বর দুপুর ১টায় বিএনপি বিজয় দিবসের র‌্যালি করার পরিকল্পনা করেছে। র‌্যালিটি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ করতে চান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত