গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকার ফকির মার্কেটের আইএফএল গার্মেন্ট নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলেন, নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনের ছেলে আয়নাল (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)। নিহত মো. আয়নাল নির্মাণাধীন কারখানার নিরাপত্তাপ্রহরী ও মো. আশরাফুল ওই কারখানার নির্মাণশ্রমিক ছিলেন।
জানা গেছে, টঙ্গী পূর্ব থানার বিসিক ফকির মার্কেট এলাকায় আইএফএল গার্মেন্ট কারখানার নিরাপত্তাপ্রহরী আয়নাল ও নির্মাণশ্রমিক মো. আশরাফুল সকাল সাড়ে ৭টায় লোহার রড দিয়ে কারখানার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে যায়। এ সময় পতাকা টাঙানোর লোহার রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
