পদ্মায় ট্রলার ডুবি, এখনও নিখোঁজ ২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রাম সংলগ্ন পদ্মা শাখা নদীতে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভাসমান ক্রেন দিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে বিআইডব্লিউটিএ ক্রেন ক্ষনিকা-১। ট্রলার ডুবির ঘটনায় ইউপি সদস্যসহ এখনও নিখোঁজ রয়েছেন ২ জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোষ্টগার্ড। 

গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হাসাইলের চর গ্রাম থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে গুদারাঘাটের দিকে যাচ্ছিলো একটি ট্রলার। এ সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের সময় ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা ২ জনের লাশ উদ্ধার করেন। 

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের প্রধান আতিকুর রহমান জানান, ভোর থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য হারুন-অর-রশিদ (৫৫) ও রাজধানীর ধানমন্ডির মাহফুজুর রহমান (৩৫) এখনও নিখোঁজ রয়েছেন। তাদের ‍উদ্ধারে আমরা কাজ করছি। 

চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশের ইনর্চাজ মো. হাসনাত জামান জানান, নৌ-পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে রয়েছে ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ডের ডুবরি দল। ঘটনার দিনে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত