যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সেক্রামেন্টো সংশ্লিষ্ট শহরসমূহের অধিবাসী প্রবাসী বাংলাদেশিদের সংগঠন স্যাক্রামেন্টো এরিয়া বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (সাবা)-এর উদ্যোগে বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল শনিবার ডেভিস শহরের হারপার জুনিয়র হাইস্কুলের অডিটোরিয়ামে দিনব্যাপী বিজয়মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবা-র সাংস্কৃতিক সম্পাদক নুসরাত নূরানির আহ্বানে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিজয় দিবসের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উদ্বোধন করেন সাবা-র প্রেসিডেন্ট হাফিজুর চৌধুরী সোহেল। সাবা-র ফাউন্ডিং প্রেসিডেন্ট মোজাম্মদ ইসলাম জিয়া সাবা-র কার্যকরী সদস্যবৃন্দকে সঙ্গে নিয়ে বিজয় মেলার উদ্বোধন করেন।
বিজয় মেলায় স্থানীয় অধিবাসীগণ বাংলার ঐতিহ্যবাহী পিঠা, নারিকেলের নাড়ু, চটপটি, ঝালমুড়ি, বিরিয়ানি, মিষ্টি, শাড়ি, গহনা এবং অন্যান্য সামগ্রী নিয়ে স্টল পরিবেশন করেন।
শীতের আমেজে দেশীয় খাবারের পসরায় প্রবাসীরা হাজার মাইল দূরে থেকেও নিজেদের যেন খুঁজে পেয়েছিল দেশ মাতৃকার কোলে। পাখির কলতানের সঙ্গে ছোট্ট শিশুদের পরিবেশনায় রবি ঠাকুরের ‘আমি হব সকাল বেলার পাখি’ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ছিল একটি দীর্ঘ ফ্ল্যাশ-মব এর অংশ।
এরপরই একদল শিশুশিল্পী গেয়ে উঠে বিদ্রোহী কবি কাজী নজরুলের চল চল চল, সঙ্গে ছিল তাদের কোরিওগ্রাফি। স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় বাংলাদেশের জাতীয় সংগীত এবং একজন শিশুশিল্পীর যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ফ্ল্যাশ-মব এর সমাপ্তি হয়। সংগীত, আবৃত্তি, বাংলাদেশের ঐতিহ্য এবং অর্জন নিয়ে স্কিড এবং নৃত্যের তালে সাজানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন স্থানীয় শিল্পীবৃন্দ।
সাবা-র জেনারেল সেক্রেটারি হূমায়রা সাবা সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো মঞ্চ পরিকল্পনার সমন্বয় করেন। এতে সহযোগিতা করেন আব্দুল্লাহ, জিসান, রানা, সাইদ, তন্ময়, শুভ্রসহ আরও অনেক স্বেচ্ছাসেবী।
বিজয় দিবসের আনন্দমুখর অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর বৃহত্তর সেক্রামেন্টো অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিদের মাঝে কমিউনিটির কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ সাবা বিশেষ সম্মাননা প্রদান করে থাকে। দীর্ঘদিন যাবত কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে জড়িত থেকে সেবা প্রদান করার জন্য এই অঞ্চলের অতি পরিচিত মুখ প্রকৌশলী সালাম খানকে এ বছর এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।