এক বছর আগে আজকের দিনে আর্জেন্টিনা তাদের ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতার উল্লাসে মাতে। শুধু উচ্ছাস-উন্মাদনায় নয় বরং এই শিরোপা জেতার পেছনে অন্যতম শক্তি ছিল সমর্থকেরা।
কাতারের মাটিতে ২২তম বিশ্বকাপ শেষ হওয়ার বর্ষপূর্তিতে সেমিফাইনালে খেলা চার দলের পেছনের গল্প তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে ফিফা। ‘এ নেশনস স্টোরি: আর্জেন্টিনা’ নামের প্রামাণ্যচিত্রে রয়েছে এমিলিয়ানো মার্তিনেজ ও লিওনেল স্কালোনির সাক্ষাৎকার, ফিফার ক্যামেরায় ধারণকৃত ফুটেজ এবং বিশ্বকাপের সময় সম্প্রচারের বাইরে থাকা নানা দৃশ্য।
প্রামাণ্যচিত্রের একটি অংশে বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের অবদান তুলে ধরতে গিয়ে এমিলিয়ানো বলেন, ‘এই বিশ্বকাপটা ছিল উন্মাদনার। কাতারে যাওয়ার টিকিট কিনতে এবং আমাদের খেলা দেখার জন্য অনেক মানুষ তাদের বাড়ি বন্ধক দিয়েছে, গাড়ি বিক্রি করেছে। আমি সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভিতে দেখেছি। মানুষের সারি যত লম্বা হতে দেখেছি, আমাদের মুখে তত হাসি ফুটেছে।’
সমর্থকদের কথা উঠে এসেছে আর্জেন্টিনা কোচ স্কালোনির কণ্ঠেও। ফিফার প্রামাণ্যচিত্রে তিনি বলেন, ‘আমাদের অর্জনের পেছনে বড় অবদান সেখানে থাকা সমর্থকদের। যারা আর্জেন্টিনায় থেকে টিভির সামনে থেকেই আমাদের জন্য গলা ফাটিয়েছেন তাদেরও অবদান আছে। প্রত্যেকের সমর্থন আমাদের উৎসাহিত করেছে।’
বিশ্বকাপ আসরে ভক্ত-সমর্থকদের জন্যই একটা পরিবারের মতো আবহ উপভোগ করেছিলেন আর্জেন্টিনা দলের সবাই।
