নির্বাচন বানচালের অপচেষ্টা রোধের আহ্বান ৯১ জন বিশিষ্ট নাগরিকের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিরোধের আহ্বান জানিয়েন ৯১ জন বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে তারা এ আহ্বান জানান। 

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশে রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে অর্জিত সংবিধান অনুযায়ী ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতির জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট অংশীজনরা সচেষ্ট রয়েছেন। 

তারা আরও বলেন, একটি মহল নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারবাহিকতায় গত ২৮ অক্টোবর রাজধানীতে গণসমাবেশের নামে বিএনপির উচ্ছৃঙ্খল কর্মীরা প্রকাশ্যে নৃশংসভাবে একজন কর্তব্যরত নিষ্ঠাবান পুলিশ সদস্যকে হত্যা করে। এমনকি প্রধান বিচারপতির বাসভবন ও হাসপাতালে তারা তাণ্ডব চালায়। পরবর্তী সময়ে বাসের ভেতরে ঘুমন্ত শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারা হয়। গত ২৯ অক্টোবর থেকে এখন পর্যন্ত বিএনপি-জামাতের কর্মী সমর্থকরা রাজনৈতিক কর্মসূচির নামে বিপুল সংখ্যক যানবাহন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সর্বশেষ আজ ১৯ ডিসেম্বর আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় মা-ছেলেসহ চারজন নিরীহ যাত্রী নির্মমভাবে নিহত হয়। রাজনীতির নামে পরিচালিত দুর্বৃত্তদের এই ধরনের নৃশংস বর্বরতা কিছুতেই মেনে নেয়া যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, এসব নাশকতামূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধ করে দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা। ইতোমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৯টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সারাদেশে সৃষ্টি হয়েছে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উৎসবমুখর পরিবেশ। 

৯১ জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, একটি চিহ্নিত কুচক্রি মহল দেশের জনগণ ও নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজনীতির আড়ালে সক্রিয় উন্নয়ন ও প্রগতিবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকদের সোচ্চার হওয়া একান্ত প্রয়োজন। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশের সকল নাগরিককে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার উদাত্ত আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, শিক্ষক ও গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস প্রফেসর শিল্পী হাশেম খান, নাট্যজন রামেন্দু মজুমদার, সাবেক আইজিপি, সচিব ও কলামিস্ট মোহাম্মদ নুরুল হুদা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত