ভারতীয় নিউজ পোর্টাল নিউজক্লিকের সাংবাদিক ও কর্মীদের বেতন বন্ধ হয়ে গেছে। কার্যক্রম চালু রাখার কথা বললেও ডিসেম্বর মাসে কর্মীদের বেতন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছ নিউজক্লিক।
প্রতিবেদনে বলা হয়, নিউজক্লিকের সব ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে আয়কর দপ্তর। ফলে টাকা তোলা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠান চালানোও কঠিন হয়ে পড়েছে। তাই প্রথম পদক্ষেপ হিসেবে সাংবাদিক ও কর্মীদের ডিসেম্বরের বেতন বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে ব্যাপারে কিছু বলতে পারেনি কর্তৃপক্ষ।
গত অক্টোবরে নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং এইচআর ম্যানেজার অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দুজনই এখন দিল্লির তিহার জেলে বন্দি। তাদের বিরুদ্ধে জঙ্গি দমন আইনে মামলা হয়েছে। সরকারের অভিযোগ, তারা চীনের কাছ থেকে অর্থ নিয়ে দেশবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। চীনের স্বার্থে লেখালেখি করেছেন।
এদিকে বেতন বন্ধের খবরে স্বভাবতই হতাশ কর্মীরা। বড়দিন ও নতুন বছরের উৎসবের সময় আয়কর দপ্তরের পদক্ষেপে বিপাকেই পড়ল তারা। কর্তৃপক্ষের বক্তব্য, আয়কর দপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ আপাতত নেই। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে উৎসবের ছুটি চলছে। জানুয়ারির মাঝামাঝি বিষয়টি আদালতে উঠতে পারে।
