কলোরাডো সুপ্রিম কোর্টের রায়

এই অঙ্গরাজ্যে নির্বাচনের অযোগ্য ট্রাম্প

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছেন কলোরাডো অঙ্গরাজ্যের শীর্ষ আদালত। বলা হয়েছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটি থেকে তিনি প্রার্থী হতে পারবেন না এবং কলোরাডোর প্রাথমিক ব্যালটেও তিনি অংশ নিতে পারবেন না।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের জড়িত থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এই রায় দিয়েছে।   

কলোরাডোর শীর্ষ আদালতের চার সদস্যের একটি বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেয়। আদালতে বিচারকদের ৪-৩ ভোটে ট্রাম্পকে নির্বাচনের জন্য অযোগ্য বলে রায় দেওয়া হয়। রায়ে বলা হয়, 'আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এই অভিমত ব্যক্ত করেছেন ট্রাম্প মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর তৃতীয় ধারার আলোকে প্রেসিডেন্টের পদ গ্রহণে অযোগ্য।'

যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারা প্রয়োগ করে এই প্রথম মার্কিন কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে হোয়াইট হাউজে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হলো। মূলত যুক্তরাষ্ট্রের সংবিধানের বলা আছে, যারা বিদ্রোহ বা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকবে তারা এই ধরনের দায়িত্বে যেতে পারবে না। এই ধারাই ট্রাম্পের ওপর প্রয়োগ করেছে কলোরাডোর আদালত।

তবে এই রায়কে অগণতান্ত্রিক আখ্যায়িত করে এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবে বলে জানিয়েছে ট্রাম্পের নির্বাচনী টিম।   

গত নির্বাচনের পর ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। সবগুলো মামলায় লড়াই করে যাচ্ছেন ট্রাম্প। তবে এবার কলোরাডো অঙ্গরাজ্যের আদালতের রায় ট্রাম্পের নির্বাচনে জয় লাভে বড় বাধার কারণ হতে পারে।  

প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের রয়েছে ১০ ভোট। একটি রাজ্যে ট্রাম্প নিষিদ্ধ হলে নির্বাচনে কিছুটা প্রভাব পড়লেও এখন পর্যন্ত দেশটিতে যত জরিপ হয়েছে, সব কটিতেই এগিয়ে ট্রাম্প। তবে এত কিছুর পরেও একটি রাজ্যে নিষিদ্ধের প্রভাব  ভালভাবেই পড়তে পারে আগামী নির্বাচনী মাঠে। কারণ এই রায়টি বহাল থাকলে হয়তো অন্য অঙ্গরাজ্যগুলোতেও ট্রাম্প নিষিদ্ধে রায় আসতে পারে।

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত