গুম বিরোধী সমাবেশ

ইসলামাবাদে বালোচদের বিরুদ্ধে পুলিশি নিপীড়ন    

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম

বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়দের অনেকেই হয়েছেন গুমের শিকার। জোর করে তুলে নেওয়া এবং গুমের শিকার পরিবারগুলো প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার জড়ো হয়েছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। স্বজনকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে এখানে এসেছিলেন বেশ কয়েকজন বালোচ নারী। অথচ স্বজনের খোঁজ চাইতে আসা, গুমের বিরোধীতা করা এই বালোচদের ওপর চরম দমনমূলক অভিযান চালিয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার।

নির্বিচারে লাঠিচার্জ, জলকামান ব্যবহার, টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে, প্রতিবাদস্থল থেকে ২ শতাধিক বালোচকে আটক করা হয়েছে। তাদের মধ্যে এই প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেওয়া মাহরাং বালোচ আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বেলা আড়াইটার দিকে প্রতিবাদ সমাবেশে পুলিশ আক্রমণ শুরু করে বলে সামাজিক মাধ্যম এক্সে জানান মাহরাং বালোচ। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলে পুলিশি ধরপাকড় চলছে, অনেককে পুলিশ ট্রাকে তোলা হচ্ছে, অনেকে আহত অবস্থায় রাস্তায় পড়ে আছেন, তাদের শরীরে সুস্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

পাকিস্তানে বেলুচিস্তান স্বাধীনতা আন্দোলনের আলোচনা তীব্র হয় ২০০০ সালের দিক থেকে। তখন থেকেই শুরু হয় স্বাধীনতাকামী বালোচদের জোর করে তুলে নেওয়া, গুম করার ঘটনা। ২০১৯ সালে প্রকাশিত পাকিস্তান মানবাধিকার কমিশনের প্রতিবেদনেই বলা হয়েছিল প্রায় ৪৭ হাজার বালোচ নিখোঁজ রয়েছেন। বিবিসি বলছে, বেশিরভাগ গুমের সঙ্গেই পাকিস্তানের গোয়েন্দাসংস্থাগুলো জড়িত এমন অভিযোগ রয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত