ফিলিস্তিনের গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ থামাতে যেকোনো শান্তি আলোচনায় যোগ দিতে ভারত তৈরি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘শান্তি ফেরাতে ভারতের যদি কোনো ভূমিকা থাকে আমরা নিশ্চয়ই তা করব।'
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মোদি। সংবাদমাধ্যমটিকে তিনি জানান, গাজায় শান্তি চায় তার দেশ। ভারত ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলনে সমর্থন করে। ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র সমাধানে জোর দিয়েছেন তিনি। আরও জানান, ফিলিস্তিনি ও ইসরায়েলি নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। গাজায় নিপীড়িত মানুষের জন্য আরও ত্রাণ ও সাহায্য পাঠাবে ভারত।
উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে ভারতের সামরিক-প্রযুক্তিগত সম্পর্ক বেশ মজবুত। তবুও গত অক্টোবর, নভেম্বরে গাজায় নির্বিচারে বেসামরিকদের হত্যা, হাসপাতালে হামলার নিন্দা জানান মোদি। সাম্প্রতিক সময়ে বিশ্বমঞ্চে নিজেকে সক্রিয় ভূমিকায় উপস্থাপন করছেন ভারতের প্রধানমন্ত্রী। এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন তিনি। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন মোদি।
