৩০০ যাত্রীকে নিয়ে নিকারাগুয়াগামী একটি উড়োজাহাজ হঠাৎ ফ্রান্সের মাটিতে অবতরণ করে। যান্ত্রিক ত্রুটির কারণে এটি অবতরণ করেছে দাবি করলেও মানব পাচারের অভিযোগে এটিকে আটকে দিয়েছে ফ্রান্সের কর্তৃপক্ষ।
উড়োজাহাজের বেশিরভাগ যাত্রীই ভারতীয় বলে জানা গেছে। স্থানীয় লি মন্ড সংবাদপত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস নিউজ শুক্রবার (২২ ডিসেম্বর) জানায়, ফ্রান্সের জাতীয় অপরাধ দমন ইউনিট জুনালকো মানব পাচারের বিষয়টি তদন্তে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
রোমানিয়ার সংস্থা লিজেন্ড এয়ারলাইন্সের এ৩৪০ উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়েছিল। এরপর ভ্যাট্রি বিমানবন্দরে সেটি নামে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই উড়োজাহাজটি রয়েছে।
বিমানবন্দরটির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বিমানটি অবতরণের পরই বিমানবন্দর ঘিরে ফেলে পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভারতীয়রা সত্যিকার অর্থে কেন নিকারাগুয়া যাচ্ছিলেন এখন সেটি তদন্ত করা হচ্ছে। তারা আরও জানিয়েছেন, যাত্রীদের কয়েকজন অবৈধ অভিবাসী ছিলেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছেন ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা। তারা কেন একসঙ্গে এতজন নিকারাগুয়ায় যাচ্ছিলেন; সেটির কারণ নিরূপণের চেষ্টা চলছে।
জাতীয় অপরাধ দমন ইউনিট ইতোমধ্যে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, কর্মকর্তারা সন্দেহ করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় অবৈধ প্রবেশের জন্য যাত্রীরা মধ্য আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
প্রসঙ্গত, ফ্রান্সের সীমান্ত পুলিশ প্রাথমিকভাবে একজন বিদেশী নাগরিককে চার দিন পর্যন্ত আটকে রাখতে পারে। ফরাসি আইন অনুসারে এ সময়কাল আট দিন আর ব্যতিক্রমী পরিস্থিতিতে সর্বোচ্চ ২৬ দিন পর্যন্ত হতে পারে।
