ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বলটি করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সবসময়ই দারুণ সব ফাস্ট বোলারে সমৃদ্ধ ছিল দলটি। তাদের মধ্যে একজন ছিলেন ওয়াকার ইউনিস। পাকিস্তানের সাবেক এই গ্রেট পেসার মনে করছেন, এখন আর তেমন কোনো গতিশীল বোলার নেই তাদের দলে। এনিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তান পেসারদের গতি নিয়ে কথা বলেছেন ওয়াকার। পার্থে প্রথম টেস্টে তিনজন পেসার খেলিয়েছে সফরকারীরা- শাহিন শাহ আফ্রিদি, খুররাম শাহজাদ ও আমির জামাল। সঙ্গে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। ওই ম্যাচে পাকিস্তানের পেসারদের বল খুব কম সময়ই ১৪০ কিমি গতি স্পর্শ করেছে। অস্ট্রেলিয়ার মতো জায়গায়, যেখানে উইকেট থেকে সাহায্য পান পেসাররা, সেখানে আফ্রিদি-আমিরদের গতি দেখে সন্তুষ্ট হতে পারেননি ওয়াকার।
খুব বেশি গতি না থাকলেও ওই ম্যাচে অভিষেক হওয়া খুররাম দারুণ বোলিং করেছেন। কিন্তু এরপরই ছিটকে পড়েন তিনি পাঁজরের চোটে। তাই বক্সিং-ডে টেস্টে হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র কিংবা মির হামজাকে খেলাতে পারে পাকিস্তান। তবে তারাও তেমন গতিশীল বোলার নন।
শুধু জাতীয় দলই নয়, ঘরোয়া ক্রিকেটেও খুব জোরে বল করতে পারেন এমন পেসার চোখে পড়ছে না ওয়াকারের। নিজের উদ্বেগ নিয়ে তিনি বলেন, 'একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন, যেটা হলো যখন আমরা অস্ট্রেলিয়ায় আসি ফাস্ট বোলিং নিয়ে সবসময়ই রোমাঞ্চিত থাকি। কিন্তু এবার এমন কিছু দেখছি না। আমি দেখছি, মিডিয়াম পেসার, স্লো-মিডিয়াম পেসার আর অলরাউন্ডার। প্রকৃত গতিশীল কোনো বোলার নেই। মানুষ দেখতে আসে পাকিস্তান পেসাররা দ্রুত গতিতে দৌড়ে আসছে এবং ১৫০ কিমি গতিতে বোলিং করছে। কিন্তু এবার সেটা দেখছি না আমি।'
কিংবদন্তি পেসার আরো যোগ করেন, 'এটাই আমার কাছে চিন্তার বিষয়। কারণ ঘরোয়া ক্রিকেটেও গতিময় বোলার দেখি না আমি। আমি বুঝতে পারি, কয়েকজন চোটে বাইরে আছে। কিন্তু অতীতে তাকালে দেখবেন, ফাস্ট বোলারে সমৃদ্ধ ছিল পাকিস্তান। দুর্ভাগ্যজনকভাবে, এখন সেটা নেই এবং আমি এটা নিয়ে সত্যিই অনেক চিন্তিত।'
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচে ৩৬০ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে পাকিস্তান।
