ভোটাররাই চা খাওয়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীকে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

শরীয়তপুর-১ আসনে (শরীয়তপুর সদর ও জাজিরা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন মো. গোলাম মোস্তফা হাওলাদার। তার প্রতীক ঈগল পাখি। অন্য প্রার্থীরা যখন হাজার-হাজার সমর্থক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, তখন একাই নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যাচ্ছে তাকে।

কর্মী-সমর্থক না থাকলেও প্রচারণা থামেনি মোস্তফার। একাই মাইক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় অনেক প্রার্থীই ভোটারদের চা খাওয়ায়। তবে এবার স্বয়ং মোস্তফাকে চা খাওয়াচ্ছে ভোটাররা।   

জানা গেছে, তফসিল ঘোষণার পরেই শরীয়তপুর-১ আসনে মনোনয়ন কেনেন জাজিরা উপজেলার নাওডোবার মোস্তফা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বাৎসরিক আয় আড়াই লাখ টাকা। স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ সাড়ে সাত লাখ টাকা। এই আসনে পাঁচ প্রার্থীর সঙ্গে লড়ছেন মোস্তফা। 

জানা গেছে, প্রতিদিন ভাড়ায় চালিত একটি অটোরিকশা নিয়ে ৫ থেকে ৬টি ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন তিনি। এ সময় তাকে সহযোগিতা করেন অটোরিকশাচালক। অটোরিকশায় দুটি মাইক লাগানো হয়েছে। আর আছে একটি মই, যা ব্যবহার করে নিজের পোস্টার নিজেই সাঁটিয়ে দেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বলেন, কর্মী আসে তার স্বার্থে, জনগণের স্বার্থে নয়। ন্যায্য চাহিদা হলে হয়তো আমি পূরণ করতে পারব। যদি কোনো অনৈতিক সুবিধা নিতে চায়, তাহলে তা দিতে পারব না। এজন্য আমি সঙ্গে কাউকে রাখছি না। মানুষ আমার প্রচারণা দেখে নয়, সততা দেখে ভোট দেবে।

তিনি আরও বলেন, কর্মী সঙ্গে রাখতে হলে অনেক টাকা দরকার। সেই টাকা আমার কাছে নেই। নির্বাচনের আগে আমার কাছে ছিল এক লাখ ৬০ হাজার টাকা। এরই মধ্যে এক লাখ ৩৫ হাজার টাকা শেষ। ভোটকেন্দ্রে এজেন্ট দিয়ে যে তাদের সম্মানি দিব, সেই টাকাও নেই। কেউ যদি স্বেচ্ছায় এজেন্ট হয়, তাহলে হতে পারে।

এলাকার ভোটাররা বলেন, মোস্তফা একজন নতুন প্রার্থী। নিজের প্রচারণা নিজেই করছেন। আবার নিজেই গাছে উঠে পোস্টার লাগাচ্ছেন। বিষয়টি ব্যতিক্রম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত