নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ বলেন, রাত সোয়া দুইটার দিকে সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এর আগেই বাসটির অর্ধেক অংশ পুড়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, মহাসড়কের পাশে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।