‘আমরা ভালো থাকতে চাইলে, আমাদেরই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কিসে ভাল হবে সেটা বিদেশিরা ঠিক করে দেবে না। তাই সিদ্ধান্ত নিন, ৭ জানুয়ারি সকাল থেকে ভোটকেন্দ্র উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করুন,’ এ কথা বলেছেন ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ।
সোমবার জিনজিরা মডেল টাউনে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশ এসব কথা বলেন তিনি।
নৌকার এই প্রার্থী বলেন, ‘বাংলাদেশ যেমন অনেক সমস্যার দেশ ঠিক তেমনই সম্ভবনার দেশ। গত ১৫ বছরে আমাদের দেশ অনেক উন্নতি করেছে ৷ সামনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে আরও উন্নতি করবে। আমাদের সরকার পুনরায় ক্ষমতায় আসলে বাংলাদেশ যেমন ভালো থাকবে, কেরানীগঞ্জবাসীরাও ভালো থাকবে।’
এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির সময় বাংলাদেশ পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট-ফুটবলে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতির বরপুত্র তারেক রহমান এরপর মুচলেকা দিয়ে লন্ডন গেছে ৷ আবার বলে আন্দোলন করবে। ২৮ তারিখ গেল, ১৫ তারিখ গেল, কত তারিখ গেল। তারিখের পর তারিখ চলে গেল কিন্তু তাদের কোন কথা বাস্তবায়ন হলো না।’
নসরুল হামিদ এলাকাবাসীদের ৭ জানুয়ারি সময়মতো ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জামায়াত-বিএনপি জোটকে প্রশ্রয় দেবো না কারণ তারা সন্ত্রাসী দল। ভোট দিয়ে আমরা তা প্রমাণ করবো। শুধু কেরানীগঞ্জ না, সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। জ্বালাও পোড়াও কেউ সমর্থন করে না।’
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ সংসদীয় আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন পাওয়া নসরুল হামিদ গত ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এর অংশ হিসেবে আজ সোমবার জিনজিরা মডেল টাউনে প্রচারণা চালান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সহ অন্যান্যরা।
