বাস্তবের 'ডানকি'দের নিয়ে ভারতে ফিরল উড়োজাহাজ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম

'ডাঙ্কি ফ্লাইট' বা পাঞ্জাবি ভাষায় ডানকি বলে শব্দ প্রচলিত আছে। মূলত অবৈধ অভিবাসনের ক্ষেত্রে প্রচলিত কয়েকটি শব্দের একটি হলো ডাঙ্কি। বিশেষ করে ভারত-পাকিস্তানের পাঞ্জাব থেকে যারা ইউরোপে গেছেন তাদের কাছে পরিচিত শব্দ ডাঙ্কি বা ডানকি। অবৈধ অভিবাসনের আবেগময় গল্পে সদ্যই মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সিনেমা ডানকি। এরই মধ্যে বিশ্বসংবাদমাধ্যমে খবর হলো ভারতের সত্যিকারের ডানকিরা। সাধারণত বিদেশে নেওয়ার কথা বলে ঝাঁক বেঁধে মানুষ নেওয়ার অবৈধ কায়দাকে বলা হয় ডাঙ্কি পদ্ধতি। কখনো স্থলপথে আবার কখনো গোটা উড়োজাহাজও এই পদ্ধতির অভিবাসনে ব্যবহার করে মানবপাচারচক্র। ডানকি সিনেমা নিয়ে শোরগোলের মধ্যেই খবরে এলো আসল ডানকিদের কথা।  

গত বৃহস্পতিবার মানবপাচারের অভিযোগে একটি উড়োজাহাজ আটক করেছিল ফ্রান্স। এতে ৩০৩ জন ভারতীয় যাত্রী ছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার উড্ডয়নের ছাড়পত্র দেওয়া হয়। উড়োজাহাজটির গন্তব্য ছিল নিকারাগুয়া কিন্তু সেটি আবার ভারতে অবতরণ করেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে মুম্বাই বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে বলে জানিয়েছে বিবিসি।  

প্রতিবেদনে বলা হয়, চাটার্ড এয়ারবাস এ৩৪০ নামের ওই উড়োজাহাজটি আরব আমিরাত থেকে নিকারাগুয়ার উদ্দেশে যাত্রা করে। পরে সেটি রিফুয়েলিংয়ের জন্য ফ্রান্সে অবতরণ করে। এরপরই ফ্রান্স কর্তৃপক্ষ মানবপাচারের সন্দেহে উড়োজাহাজটিকে আটক করে।

এই উড়োজাহাজটিতে ২৭৬ জন যাত্রী ভারতে ফিরেছে। বাকী ২৫ জন, যাদের মধ্যে দুজন শিশুও রয়েছে তারা ফ্রান্সে থাকার জন্য আবেদন করলে কর্তৃপক্ষ তাদের রেখে দেয়। এছাড়া মানবপাচার সন্দেহের বিষয়টি তদন্তের জন্য আরও দুজনকে আটক করে ফ্রান্স কর্তৃপক্ষ।

প্যারিসের প্রসিকিউটর জানান, গত বৃহস্পতিবার উড়োজাহাজটি প্যারিস থেকে ১৩০ কিলোমিটার দূরে চাওলন ভার্টি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কাজ শেষে যখন সেটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন মানবপাচার সন্দেহে উড়োজাহাজটিকে আটক করা হয়।    

উড়োজাহাজটিতে থাকা অধিকাংশ ভারতীয় যাত্রী আরব আমিরাতে কর্মরত ছিল। তারা ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত