মেন্যুতে নেই খাসির নল্লি, বিয়ে ভাঙল বরপক্ষ

  • মেন্যুতে খাসির নল্লি না পেয়ে বিয়েই ভেঙে দেয় বরপক্ষ, ঘটনা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত
  • বরপক্ষের বক্তব্য, নল্লি পরিবেশন না করে তাদের অসম্মান করেছে কনেপক্ষ
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

মহাধুমধাম করে বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকল আয়োজনই করা হয়েছিল সুচারুভাবে। এমনকি অতিথিদের খাবারের অয়োজনেও রাখা হয়নি কোনও ত্রুটি।

কিন্তু শেষমেশ ওই খাবার নিয়েই বাধে বিপত্তি।

মেন্যুতে খাসির মজ্জাওয়ালা হাড় বা নল্লি না পেয়ে বিয়েই ভেঙে দেয় বরপক্ষ, ঘটনা গড়ায় থানা-পুলিশ পর্যন্ত। অবাক করার মতো হলেও ভারতের তেলেঙ্গানা রাজ্যে এমন ঘটনাই ঘটেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাগদান সম্পন্ন হওয়ার পর খাবার পরিবেশনের সময় আমিষ মেনুর অংশ হিসাবে কনে পক্ষ মাটন অস্থিমজ্জা বা নল্লি পরিবেশন না করায় ক্ষুব্ধ হয়ে উঠে বরের পরিবার। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। বিয়ে ভেঙে দিয়ে চলে যায় বরপক্ষ।

তেলেঙ্গানার নিজামবাদ এলাকায় থাকে কনের পরিবার ও বরের পরিবার জগতিয়াল এলাকার। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদানের অনুষ্ঠান করা হয়েছিল। আর সেখানেই ঘটে অদ্ভুত এই ঘটনা।

মূলত কনের পরিবার অতিথিদের জন্য আমিষ মেনুর ব্যবস্থা করেছিল। তবে খাসির মাংসের নল্লি পরিবেশন করা হচ্ছে না বলে অতিথিরা অভিযোগ করার পর সেখানে মারামারি শুরু হয়।

অনুষ্ঠানের আয়োজক, কনের পরিবার যখন নিশ্চিত করে যে, খাবারে নল্লি যোগ করা হয়নি, তখন উত্তেজনা আরও বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।

এ কাহিনী শুনে হতবাক হয়ে যান পুলিশ কর্মকর্তারাও। পরবর্তীতে পুলিশ ও বরের পরিবারকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু বরপক্ষের বক্তব্য, নল্লি পরিবেশন না করে তাদের অসম্মান করেছে কনেপক্ষ।

শেষ পর্যন্ত বরের পরিবার বিয়ে বাতিল ঘোষণা করার পর বাগদানের অনুষ্ঠান শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত