পাকিস্তানের নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন এক হিন্দু নারী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার সাভেরা পারকাশ আসন্ন সাধারণ নির্বাচনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বুনের জেলায় পিপিপি দলের নারী শাখার সাধারণ সম্পাদক পদে আছেন।
পাকিস্তানে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে পিপিপির হয়ে ইতিহাস গড়তে চান পেশায় চিকিৎসক সাভেরা পারকাশ। সাভেরা অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ২০২২ সালে এমবিবিএস সম্পন্ন করেন। নিজের পরিবার ও চিকিৎসা পেশার কথা তুলে ধরে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে সাভেরা বলেন,’ মানুষের সেবা করা আমার রক্তে আছে।’
সরকারি হাসপাতালগুলোর অপর্যাপ্ত সেবা ব্যবস্থা, অসহায়ত্ব তাকে এই নির্বাচনে লড়ার প্রত্যয় যুগিয়েছে বলে জানান তিনি। আশা করেন নির্বাচিত হলে সরকারি স্বাস্থ্যখাতে পরিবর্তনের জোর চেষ্টা চালাবেন। তাই ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দরিদ্রদের চিকিৎসা সেবা নিশ্চিতে নিজের বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান সাভেরা। তার বাবা ওম পারকাশ সদ্য অবসরে যাওয়া একজন চিকিৎসক। তিনিও ৩৫ বছর ধরে পিপিপির সক্রিয় সদস্য।
পিপিপি জুলফিকার আলি ভুট্টোর প্রতিষ্ঠিত দল। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বে আছেন তার মেয়ে বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি।
