‘আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, তখন বাংলাদেশ নিরাপদ থাকে। বিএনপি-জামায়াত জোটের মতো সরকার যখন থাকে, তখন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, জঙ্গিবাদ-সন্ত্রাসের অভয়ারণ্য হয়’, এই মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপু।
মঙ্গলবার কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে নির্বাচনী সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
নৌকা মার্কার এই প্রার্থী বলেন, ‘বাংলাদেশ এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না। বাংলাদেশ এখন জঙ্গিবাদ-সন্ত্রাস মুক্ত, উন্নয়নের রোল মডেল।বিএনপির-জামায়াত শাসনের অন্ধকারের এ ধারা কেরানীগঞ্জেও ছিলো। কেরানীগঞ্জ ঢাকার খুব কাছে, তারপরও মানুষ জানতো বাতির নিচে অন্ধকার। বিএনপির সময় এই এলাকা সব থেকে বেশি অবহেলিত এবং সন্ত্রাস কবলিত ছিলো। সেই অপবাদ আমরা ঘুচিয়েছি। আমরা রাজনৈতিকভাবে কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি। আমরা উন্নয়নের জন্য কাজ করেছি।’
আওয়ামী লীগের আমলে কেরাণীগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সব থেকে দ্রুত বর্ধনশীল জায়গা এখন কেরানীগঞ্জ। মানুষ এখানে ঢাকার মতো নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছে।’ সামনের দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সুযোগ-সুবিধা আরও বাড়বে বলে আশ্বস্ত করেন নসরুল হামিদ।
এসময় তিনি তেঘরিয়া ইউনিয়নে গত ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘এই ইউনিয়নে ৬০০ একর জায়গার ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে। চার লেনের রাস্তা হয়েছে, আইটি পার্ক হচ্ছে, ঝিলমিল প্রকল্পসহ অনেক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়ন হবে। এলাকার জীবন মান উন্নত হবে।’
নৌকার প্রার্থীর সঙ্গে প্রচারণায় এসে উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জে আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ ৭ জানুয়ারি ভোট উৎসবে যোগ দিয়ে ভোটাধীকার প্রয়োগ করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহর চাঁন মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন, তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান লাট মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।
