সৌদি আরবের আল জুবেইল বন্দর থেকে ভারতের নিউ মেঙ্গালুরু বন্দরে অপরিশোধিত তেল নিয়ে আসা জাহাজ ‘এম ভি কেম প্লুটো’ তে হামলাকারীদের প্রয়োজনে সমুদ্রের তলা থেকে খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেন, ‘সাগরে এই আক্রমণের ঘটনাগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রয়োজনে হামলাকারীদের সমুদ্রের নীচ থেকেও খুঁজে বের করে কড়া পদক্ষেপ করা হবে। ভারতের উন্নয়নে কিছু দেশ ক্ষুব্ধ।’
প্রসঙ্গত, আরব সাগরে ‘এম ভি কেম প্লুটো’ ও লোহিত সাগরে এমভি 'শাই বাবাতে' ড্রোন হামলা চালানো হয়। এম ভি চিম প্লুটোতে ২০ জন ভারতীয় ও ভিয়েতনামি নাবিক ছিলেন। হামলার শিকারের পর ভারতীয় কোস্ট গার্ডের একটি জাহাজ আরব সাগর থেকে জাহাজটিকে উদ্ধার করে মুম্বাই বন্দরে নিয়ে আসে। জাহাজটিতে ড্রোন হামলা কারণে আগুন লেগে ক্ষয়-ক্ষতি হয়েছে।
স্পষ্টত এ হামলায় কারা জড়িত তা বোঝা না গেলেও, ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালাতে পারে। তবে যুক্তরাষ্ট্র এ হামলায় সরাসরি ইরানকে দায়ী করছে।
এদিকে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজে পরপর হামলার পরিপ্রেক্ষিতে আরব সাগরে তিনটি ‘গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার’ শ্রেণির জাহাজ মোতায়েন করেছে তারা। এর ফলে এই ধরনের হামলার সম্ভাবনা কমবে বলে আশা ভারতের। ওই এলাকায় নজরদারির জাহাজ ও উড়োজাহাজও ব্যবহার করবে নৌবাহিনী।
