পরিবেশবান্ধব পদ্ধতিতে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেরালা সরকার। তাই কাচ বা প্লাস্টিকের বোতলে নয়। মদ বিক্রি হবে এবার কাগজের প্যাকেটে, যা টেট্রা প্যাক হিসাবেই পরিচিত। সম্প্রতি এমনই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
জানা গেছে, কেরালার মতোই কাগজের প্যাকেটে মদ বিক্রি করতে পারে তামিলনাড়ু সরকারও। কর্নাটক ও পুদুচেরিতে ইতোমধ্যেই টেট্রা প্যাকে মদ বিক্রি হয়। রাজ্য সরকার জানিয়েছে, কাচ বা প্লাস্টিকের বোতলের কারণে যে দূষণ হচ্ছে, তা প্রতিরোধ করতেই কাগজের প্যাকেটে মদ বিক্রির সিদ্ধান্ত। কাগজ মাটিতে মিশে যাওয়ায় পরিবেশ দূষণ তুলনামূলক কম হবে।
গত মাসে তামিলনাড়ুর আবগারি মন্ত্রী এস মুথুস্বামী জানিয়েছিলেন, স্টালিন সরকার টেট্রা প্যাকে মদ বিক্রি করা নিয়ে চিন্তা করছে। এতে পরিবেশ ঠিক থাকবে এবং দূষণও কম হবে। কাচের বোতল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে, পশু-পাখিরও গলায় আটকে মৃত্যু হতে পারে। টেট্রা প্যাকে মদ বিক্রি হলে এই দূষণ হবে না।
তবে অনেকে এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছেন। তাদের দাবি, টেট্রা প্যাকে মদ বিক্রি হলে অপ্রাপ্তবয়স্ক ও পড়ুয়াদের হাতে চলে যেতে পারে। অন্য কোনো পানীয় ভেবে তারা মদ্যপান করতে পারে। দোকানির পক্ষেও সবসময় বয়স যাচাই করে মদ বিক্রি সম্ভব নয়।