ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র সহায়তার শেষ কিস্তি অনুমোদন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

অস্ত্র সংকটে রাশিয়ার কাছে পরাজয়ের আশঙ্কায় আছে ইউক্রেন। এই অবস্থায় কিয়েভের জন্য ২৫০ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম প্যাকেজের অনুমোদন দিয়েছে হোয়াইট হাউজ। এটিই আপাতত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনে দেওয়া সামরিক প্যাকেজের শেষ কিস্তি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এই প্যাকেজের মধ্যে আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির সরঞ্জামসহ আর্টিলারি গোলাবরুদ ও অ্যান্টি-আর্মার অস্ত্রও রয়েছে। এই প্যাকেজে আরও রয়েছে, বিমান-বিধ্বংসী স্টিংগার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমারস) জন্য অতিরিক্ত গোলাবারুদ, ১৫৫ মিমি এবং ১০৫ মিমি আর্টিলারি গোলাবারুদ, অ্যান্টি-আরমার গোলাবারুদ এবং ১৫ মিলিয়নেরও বেশি রাউন্ড ছোট অস্ত্রের গোলাবারুদ।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দেশ এবং স্বাধীনতা বাঁচাতে লড়াই করছে ইউক্রেন। আর এই কারণে আমাদের ইউক্রেনীয় অংশীদারদের সহায়তা করা গুরুত্বপূর্ণ।’

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকেই পূর্ব ইউরোপের এই দেশটিকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, কিয়েভকে প্রায় ৪৪.৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন।  

এদিকে রাশিয়ার কাছে আরেকটি প্রধান শহর হাতছাড়া হওয়ার খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। গত সোমবার (২৫ ডিসেম্বর) ইউক্রেনের দনবাস অঞ্চলের শহর মারিংকা দখলের দাবি করে রাশিয়া। তার একদিন পরেই সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের সেনাপ্রধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত