প্রেসিডেন্ট নির্বাচনে আরও এক অঙ্গরাজ্যে অযোগ্য ট্রাম্প

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ এএম

এবার যুক্তরাষ্ট্রের আরও একটি অঙ্গরাজ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের নির্বাচন কর্তৃপক্ষ ট্রাম্পের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।

মেইনের শীর্ষস্থানীয় নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি, ‘ক্যাপিটল হামলা’র পেছনে ট্রাম্পের ভূমিকার জন্যই তাকে ভোটে দাঁড়ানোর জন্য অযোগ্য ঘোষণা করা হলো। মেইনের সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস জানান জনগণের আবেদনের ভিত্তিতেই মেইনের নির্বাচন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অঙ্গরাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করা যাবে। আদালত বেলোসের দেওয়া এই রায় স্থগিত না করলে এই অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত আপিল করবে।

এর আগে ১৯ ডিসেম্বর একই কারণে কলোরাডোর শীর্ষ আদালত ওই অঙ্গরাজ্যে ট্রাম্পকে ভোটে লড়ার অযোগ্য ঘোষণা করেছিল।

বাস্তবতা হচ্ছে, ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। এমনকি সাম্প্রতিক সব জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও এগিয়ে রয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত