এ বছর জুন মাসে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
এরপর তিনি কারামুক্ত হন। কারামুক্ত হয়েই ডা. সাবরিনা নিজের পেশা বদলের চেষ্টা করছেন। তিনি বর্তমানে আইন পেশায় নিয়োজিত হওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। সম্প্রতি ডা. সাবরিনা নিজেই একটি ভিডিও বার্তা প্রকাশ করে বলেন, তিনি আইন পেশায় নিয়োজিত হতে চলেছেন।
ইতোমধ্যে তিনি এলএলবিতে ভর্তি হয়েছেন। সাবরিনা বলেন, একটা সময় আমি ভাবতাম মানুষের জীবন বাঁচানো সবচেয়ে জরুরি। সেসময় আমি মেডিকেলে পড়েছি। কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে মানুষের জীবনের চাইতে মানুষের মান সম্মান বাঁচানো জরুরি। এজন্য এখন আমি ল পড়ছি। আমি এলএলবি ফার্স্ট ইয়ারে পড়ছি।
করোনা ভাইরাস মহামারীর সময় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে ডা. সাবরিনা এবং তার স্বামী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুল হকের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
