আইনমন্ত্রী বললেন আমার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

কসবা-আখাউড়া আসনে আওয়ামী লীগের প্রার্থী ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমার বিরুদ্ধে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি কেন প্রত্যেক ইউনিয়নে মিটিং করেন? এর কারণ হলো, আমি আখাউড়া-কসবাবাসীকে ভালোবাসি। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। নির্বাচন মুখ্য নয়, এই ভালোবাসার টানেই আমরা পরস্পর পরস্পরকে দেখতে যাই।’

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া খেলার মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

৭ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আপনারা কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে সারা বিশ্বকে দেখাবেন আপনারা আমাকে ভালোবাসেন।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে। তারা ট্রেনে আগুন দিয়ে ৩ বছরের শিশুকে মেরেছে।

মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আতাউর রহমান নাজিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ. মতিন  প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত