সেনাক্যাম্প দখল করল বিদ্রোহীরা, ভারতে পালাল ১৫১ মিয়ানমার সেনা

  • ব্যাপক আকার ধারণ করেছে মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সংঘর্ষ
  • মিয়ানমারের সেনারা বর্তমানে আসাম রাইফেলসের নিরাপদ হেফাজতে রয়েছে 
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম

সাম্প্রতিক সময়ে ব্যাপক আকার ধারণ করেছে মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সংঘর্ষ। গত কয়েকদিন ধরে ভারতীয় সীমান্তের কাছাকাছি এলাকায় তুমুল বন্দুকযুদ্ধ চলছে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির যোদ্ধাদের মধ্যে।

এমন অবস্থায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সেনা ক্যাম্পগুলি বিদ্রোহী গোষ্ঠীরা দখল করায় ভারতের মিজোরামের লংটলাই জেলায় পালিয়ে গেছেন দেশটির ১৫১ জন সৈন্য।

আসাম রাইফেলসের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই শনিবার এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘তাতমাদাও' নামেও পরিচিত মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা তাদের সামরিক ঘাঁটিগুলো আরাকান আর্মি যোদ্ধারা দখল করে নেওয়ার পরে শুক্রবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লংটলাই জেলায় পালিয়ে এসেছেন এবং সেখানে আসাম রাইফেলসের কাছে আশ্রয় নিয়েছেন।

ওই কর্মকর্তা আরও জানান, ভারতীয় সীমান্তের কাছাকাছি এলাকায় গত কয়েকদিন ধরে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির যোদ্ধাদের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ চলছে।

তিনি জানান যে, শুক্রবার মিজোরামে প্রবেশকারী মিয়ানমারের সেনাবাহিনীর কিছু সদস্য গুরুতরভাবে আহত হয়েছিল এবং আসাম রাইফেলস তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে। মিয়ানমারের সেনারা এখন আসাম রাইফেলসের নিরাপদ হেফাজতে রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এবং মিয়ানমার সামরিক সরকারের মধ্যে আলোচনা চলছে, কিছু দিনের মধ্যে মিয়ানমারের সৈন্যদের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন আসাম রাইফেলসের কর্মকর্তা।

এর আগেও নভেম্বরে, গণতন্ত্রপন্থী মিলিশিয়া পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) মিয়ানমার-ভারত সীমান্তে সামরিক ক্যাম্প দখল করায় ১০৪ জন মিয়ানমার সৈন্য মিজোরামে পালিয়ে এসেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত