ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন প্রমাণিত বলে মন্তব্য করেছেন আদালত। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে রায় পড়ার একপর্যায়ে আদালত এ কথা বলেন। আদালত বলেন, তিনি (ড. মুহাম্মদ ইউনূস) দায় এড়াতে পারেন না।
আদালত বলেন, গ্রামীণ টেলিকম শ্রম আইন লঙ্ঘন করেছে এটা প্রমাণিত। তাদের প্রতিষ্ঠান দেশের চলমান আইন লঙ্ঘন করেছে। তারা নিজস্ব আইনে শ্রমিকদের যে চাকরি বিধি করেছে সেটা শ্রম আইন অনুসরণ করে নয়।
আজ সোমবার (০১ জানুয়ারি) দুপুর ২টা ১২ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এজলাসে আসন গ্রহণ করেন। দুপুর ২টা ১৫ মিনিটে মোট ৮৪ পৃষ্ঠার রায়ের মূল অংশ পড়া শুরু করেন।
এর আগে ১টা ৪০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস আদাল প্রাঙ্গণে এসে উপস্থিত হন।
গত ২৪ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। একইসঙ্গে এই মামলায় রায় ঘোষণার জন্য ১ জানুয়ারি দিন ধার্য করা হয়।