সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে। সেখানে প্লট পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও প্রযোজক লিটন হায়দার। অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট এবং প্রযোজক লিটন হায়দারকে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কাঠার একটি প্লট।
শুভর বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিজের ফেসবুক মাধ্যমে শুভর নাম না উল্লেখ করে লিখেছেন, ‘১ টাকা বিনিয়োগ করে লাভ ১৫ কোটি টাকা। এমন ধান্ধাবাজী ব্যবসা জগতের কোথায় আছে!’
নাম উল্লেখ না করলেও বিষয়টি যে আরিফিন শুভকে ইঙ্গিত করে লেখা হয়েছে সে বিষয়টি স্পষ্ট। কেননা মন্তব্য বাক্সে হাজারজন শুভর বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
এছাড়াও মাহবুব কবির মিলন যে পোস্টটি আরিফিন শুভকে নিয়েই লিখেছেন সেটি আরও স্পষ্ট হয় প্রবাসী বিশ্ববিদ্যালয় আমিনুল ইসলামের একটি পোস্টে। আমিনুল ইসলাম শুভর ওই সংবাদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমিও এক টাকায় পড়াতে রাজি আছি। শুধু বিশ্ববিদ্যালয় না। দরকার হয় কেজি-নার্সারি লেভেলে পড়াবো। ১০ কাঠা লাগবে না। আমার ৫ কাঠা হলেই হবে।’
এই পোস্টে মিলন লিখেছেন, ‘১ টাকার তেলের মূল্য ১০ কোটি টাকা।’
এদিকে, রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।
এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনও কিছু জানেন না। জানলে অবশ্যই জানাবেন। তবে রাজউক সূত্র নিশ্চিত করেছে, গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভর নামে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তার বসুন্ধরা আবাসিক এলাকার বর্তমান ঠিকানায় চিঠি পাঠান।
১০ কাঠার প্লট পেলেন চিত্রনায়ক আরিফিন শুভ