আবারও দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে তুলছে ভারত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১০:২১ পিএম

মহারাষ্ট্রের রত্নাগিরিতে থাকা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের শৈশবের বাড়ি নিলামে তুলতে যাচ্ছে ভারত। আগামী শুক্রবার (৫ জানুয়ারি)  বাড়িটিসহ দাউদের পরিবারের মালিকানাধীন অন্য তিনটি সম্পত্তিও নিলামে তোলা হবে, যার মোট মূল্য ১৯ লাখ রুপিরও বেশি। মঙ্গলবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, নিলাম হতে যাওয়া চারটি সম্পত্তিই কৃষি-সংক্রান্ত এবং মুম্বাকে গ্রামে অবস্থিত। এর আগে স্মাগলার অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর (সম্পত্তি বাজেয়াপ্ত করা) আইনের (এসএএফইএমএ) অধীনে কর্তৃপক্ষ এসব সম্পত্তি জব্দ করে।

এনডিটিভি বলছে, গত নয় বছরে দাউদ বা তার পরিবারের ১১টি সম্পত্তি নিলামে তোলা হয়েছে। এর মধ্যে একটি রেস্তোরাঁ ৪.৫৩ কোটি রুপিতে, ছয়টি ফ্ল্যাট ৩.৫৩ কোটি রুপিতে এবং একটি গেস্ট হাউস ৩.৫২ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলার প্রধান আসামি দাউদ। ১৯৮৩ সালে মুম্বাই যাওয়ার আগে মুম্বাকে বসবাস করতেন তিনি। সিরিজ বোমা বিস্ফোরণে ২৫৭ জন নিহত হওয়ার পর ভারত ত্যাগ করেন দাউদ।

গত বছরের ১৫ ডিসেম্বর দাউদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সে সময় বিভিন্ন পোস্টে দাউদকে পাকিস্তানে বিষপ্রয়োগ করা হয়েছে বলে দাবি করে অজ্ঞাত কিছু মানুষ।

এতে বলা হয়, বিষপ্রয়োগের পর অসুস্থ হয়ে পড়া দাউদ করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার এই মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান ও ভারতের সোশ্যাল মিডিয়া। যদিও এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত