ভারতের বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর নিয়মাবলী বা ধারা তৈরি হয়ে গিয়েছে এবং চলতি বছরের লোকসভা ভোটের আগেই এই আইন কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করা হবে।
এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাতে বুধবার এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারে এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান যে, সিএএ-এর অধীনে নাগরিকত্বের আবেদন, প্রক্রিয়াকরণ এবং অনুদানের জন্য একটি অনলাইন সিস্টেম ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আরও জানিয়েছেন যে, লোকসভা ভোটের অনেক আগেই সিএএ প্রয়োগ করার লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্রীয় সরকার।
তিনি বলেন, “ইতিমধ্যেই নিয়ম তৈরি হয়ে গিয়েছে। অনলাইন পোর্টালও তৈরি হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনেই করা হবে। সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে যে কোন সালে বিনা নথিতে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। তাঁদের কাছ থেকে কোনও নথি চওয়া হবে না।“
বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দুসহ ৬টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দিতেই এ নাগরিকত্ব সংশোধনী আইন করে ভারত। ২০১৯ সালে এই আইনটি সংসদের অনুমোদন পেয়ে তৈরি হয়েছিল। কিন্তু এতদিনেও আইনটি কার্যকর করা হয়নি।
করোনা মহামারীর আগে আইনটি তৈরির সময় মুসলিম সম্প্রদায় এবং বিরোধী দলগুলি একে বৈষম্যমূলক বলে অভিহিত করে এবং এই আইন তুলে নেয়ার দাবিতে বিশাল বিক্ষোভ হয়।
