ভারতের গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে খুন হলেন ২৭ বছর বয়সী মডেল দিব্যা পাহুজা। অভিযোগ উঠেছে, তাকে খুন করেছেন হোটেল মালিক অভিজিৎ সিংহ। তবে শুধু খুন নয়, দিব্যার মরদেহ লুকিয়ে ফেলার উদ্দেশে এক সহযোগীকে প্রায় ১০ লাখ রুপি দেন অভিজিৎ।
পুলিশ জানিয়েছে, হোটেল মালিকের সঙ্গে নিউ ইয়ার পার্টি করতে গুরুগ্রামে পৌঁছেছিলেন দিব্যা। দুদিন ধরে হোটেলেই ছিলেন তিনি। সেখানেই তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার অভিযোগ।
গতকাল মঙ্গলবার হোটেলের ১১ নম্বর কক্ষের দিকে যেতে দেখা যায় অভিজিৎকে। এ সময় তার সঙ্গে ছিলেন এক পুরুষ এবং এক নারী। তারপর খুন করা হয় দিব্যাকে। খুন করে তার মরদেহ টেনেহিঁচড়ে হোটেল থেকে বের করে তোলা হয় বিএমডব্লিউ গাড়িতে। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।
এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, গ্যাংস্টার সন্দীপ গাডোলির সঙ্গে সম্পর্কে ছিলেন দিব্যা। ২০১৬ সালে মুম্বাইয়ে এনকাউন্টারে মৃত্যু হয় সন্দীপের। তারপরই দিব্যার মা পুলিশের কাছে অভিযোগ জানান সন্দীপের ভাই-বোন ও অভিজিৎতের নামে। তার মেয়েকে নাকি খুন করার চেষ্টা করছেন তারা। সেই সময় থেকে নাকি দিব্যার ওপর রাগ অভিজিতের।
এ ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। সন্দীপের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন দিব্যা। গত বছরই মুম্বাই আদালত থেকে জামিন পান তিনি। তার বছর ঘুরতে না ঘুরতেই মৃত্যু হলো তার।
