যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ। তাকে বুধবার সকাল ৬টার পর নিউইয়র্কের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে গুলি করা হয়।
নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে সেখানেই মারা যান তিনি ।
তবে এ ঘটনার কয়েক ঘণ্টা পরও পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়াও কী কারণে ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি।ফ্রিটজ ফ্রেগ জানান, ‘ঘটনার তদন্ত চলছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জানা যায়, ইমাম হাসান শরিফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার (টিএসও) হিসেবেও কাজ করছিলেন।