যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে পিকআপ ভ্যান চাপায় জিহাদ সরদার (৫০) নামের একজন বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জিহাদ সরদার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত খিলাত আলী সরদারের ছেলে।
গতকাল বুধবার (০৩ জানুয়ারি) রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছিতে রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত জিহাদ সরদারের ছেলে শফিকুল জানান, তার বাবা কাজ শেষে বাজার করে বাড়ি ফেরার পথে শ্যামলাগাছিতে রাস্তা পারাপার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটকের চেষ্টা চলছে।
