ফরিদপুরের বোয়ালমারীতে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থককে নৌকার সমর্থকেরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামের আফসার মোল্যার ছেলে এরশাদ মোল্যা (৩২) ও উপজেলার শেখর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের পান্না কাজীর ছেলে তামিম কাজী (১৯) ও শেখর গ্রামের হারুন মোল্যার ছেলে ইমরান মোল্যা (৩০)।
আহত এরশাদ মোল্যা জানায়, বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসদরের বোয়ালমারী চৌরাস্তায় একটি খাবার হোটেলে সে নাস্তা করতে গেলে অতর্কিতভাবে নৌকার সমর্থক আরিফ হোটেলটিতে ঢুকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে কিলঘুষি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে (এরশাদ) মারাত্মকভাবে আহত হয়। তার মুখমণ্ডল রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এরশাদ আরো জানায়, ইতোপূর্বে নৌকার সমর্থকরা বিভিন্ন সময়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে কাজ করতে নিষেধ করেন। তাদের কথা না শোনায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের কাশেম শরিফের বাড়িতে ঈগল প্রতীকের দুই সমর্থক দিঘীরপাড় গ্রামের পান্না কাজীর ছেলে তামিম কাজী (১৯) ও শেখর গ্রামের হারুন মোল্যার ইমরান মোল্যা (৩০) ভোট চাইতে গেলে নৌকা প্রতীকের সমর্থক তারা মোল্যার ছেলে জিয়া মোল্যা (৪৫), বাশার মোল্যার ছেলে জাহিদ মোল্যা(৩৫), মশিউর (৩৪), বাবলু (৩০)সহ অজ্ঞাত আরো ৮/১০ জন মিলে তাদের দুজনের উপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ সাদী বলেন, খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
